যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল-১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. সজীব (২৮), মো. হিমু (৩২), মো. তুষার (২৫), মো. জয় (২৫), মো. টুটুল (৩৩) ও মো. ইমরান (৩৪)। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে অবৈধ মাদক ঢাকায় আসছে এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউটার্নসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রথমে কোনো মাদক পাওয়া যায়নি।
ডিএমপি মিডিয়া সেলের সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ফারুক হোসেন সাংবাদিকদের জানান , আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে অবৈধ মাদক থাকার তথ্য পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে একটি কক্ষের খাটের নিচে প্লাস্টিকের ব্যাগ থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে আসামিদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ছয়টি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সজীবকে ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক কারবারি হিসেবে পরিচিত সজল ওরফে অটো সজলের ছোট ভাই হিসেবে শনাক্ত করা হয়েছে। এর আগে গত ১৮ জুন সায়েদাবাদ এলাকা থেকে সজল ওরফে অটো সজলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্বামীবাগের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুটি টরাস ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির উপকরণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২ মার্চ মাদকবিরোধী অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গেও সজল ওরফে অটো সজলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ওই মামলার তদন্তে উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আসামিদের ১৬৪ ধারার জবানবন্দিতেও তার নাম উঠে আসে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।