বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন দীনেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে।
রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে তিনি গণমাধ্যমের সামনে আলোচনার বিষয়বস্তু নিয়ে ব্রিফ করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত এপ্রিলের শেষ দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। পরে গত ১২ জুন তিনি ঢাকায় দায়িত্ব নিতে আসেন।
দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।