বাঁধন বললেন ‘আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি ও ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগ উঠেছে। তার দাবি, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তার ব্যক্তিগত মোবাইল নম্বরও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাঁধন। সেখানে তিনি অনলাইনে নারীদের হয়রানি এবং ব্যক্তিগত তথ্য প্রকাশের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
বাঁধন বলেন, কোনো রাজনৈতিক দল নারীদের নিরাপত্তার কথা বললেও সেই দলের সমর্থকদের কেউ কেউ যদি অনলাইনে নারীদের হয়রানি করেন, তাহলে বিষয়টি পরিহাসের। নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকেও তিনি হয়রানি হিসেবে উল্লেখ করেন।
ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া প্রকাশের বিষয়েও সতর্ক করে অভিনেত্রী বলেন, কারও অনুমতি ছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানি নয়, এটি শাস্তিযোগ্য অপরাধ। তাকে ভয় দেখানো, আতঙ্কিত করা কিংবা চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
নিজেকে সহজে দমিয়ে রাখা সম্ভব নয়-এমন বার্তাও দিয়েছেন বাঁধন। নিজের মানসিক দৃঢ়তার কথা তুলে ধরে তিনি লেখেন, ভয় দেখিয়ে তাকে আতঙ্কিত করা যাবে না। পোস্টের একপর্যায়ে বাঁধন বলেন, ‘আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম।’ তবে নিজেকে মানুষ হিসেবে ধরে রাখতে তিনি থেরাপি নিয়েছেন এবং প্রয়োজনীয় ওষুধও গ্রহণ করেছেন বলে জানান। ক্ষমতা কিংবা প্রতিহিংসা যেন তাকে ‘দানবে’ পরিণত না করে, সেই বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী। পোস্টের শেষে নিজেকে ‘ডাইনি’ হিসেবেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সক্রিয়ভাবে অবস্থান নিয়েছিলেন আজমেরী হক বাঁধন।