কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯; সবাই বাংলাদেশি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটসংলগ্ন একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির দমকল বাহিনী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন।
বুধবার (১৯ আগস্ট) রাত ২টা ৭ মিনিটের দিকে ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে চারটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও অভিযানে যোগ দেন।
দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হতে পারে। এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ায় ওপরের তলাগুলোতে পৌঁছে উদ্ধারকাজ চালাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। হোটেলের ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালানো হয়।
এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আটকেপড়াদের উদ্ধার এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, এ ঘটনার মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হন। পরপর দুই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গে নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
সূত্র: এনডিটিভি