ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক উঠে যাওয়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে সপ্তমী উপলক্ষে মন্দিরে ভক্তদের ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ধানবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকান ও ভক্তদের ওপর উঠে যায়। পরে ব্যারিকেড ভেঙে মন্দিরের প্রবেশপথের ফটকে ধাক্কা দেয়। এতে ফটকের দেয়ালের একাংশ ধসে পড়ে এবং কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর যাদব জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান।
পুলিশ জানায়, শনিবার রাতে সপ্তমী উপলক্ষে গোয়ালিয়র ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক ভক্ত মন্দিরে সমবেত হয়েছিলেন। ভিড়ের কারণে ওই এলাকায় ভারী যানবাহন চলাচল সীমিত করা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক দেড়টার দিকে চিনোরের দিক থেকে আসা ট্রাকটিকে পুলিশ ব্যারিকেডের কাছে থামায়। তবে ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি দুর্ঘটনা ঘটায়।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের গোয়ালিয়রের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় প্রসাদ বিক্রির পাঁচ থেকে ছয়টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
নিহত ব্যক্তিরা গোয়ালিয়র ও আশপাশের জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস