পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন। বোর্ডিং পাস থাকা সত্ত্বেও তাঁকে ও তাঁর দলের সদস্যদের বিমানে উঠতে বাধা দেওয়া হয় এবং বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের কর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ এ গায়িকার।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিউ জার্সির একটি দুর্গাপূজার অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইমন। সেখানে যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন তিনি ও তাঁর সহশিল্পীরা।
ইমনের অভিযোগ, নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছে বোর্ডিং পাস থাকা সত্ত্বেও তাঁদের বিমানে উঠতে দেওয়া হয়নি। এ নিয়ে প্রতিবাদ জানালে বিমান সংস্থার কর্মীরা তাঁদের সঙ্গে অভদ্র আচরণ করেন। এমনকি ধাক্কা দিয়ে বোর্ডিং গেট থেকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তাঁদের বাদ্যযন্ত্র নিয়েও অবজ্ঞাসূচক আচরণ করা হয় বলে জানান সংগীতশিল্পী। উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত ফ্লাইটটি মিস করেন ইমন ও তাঁর দলের সদস্যরা। পরে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
সব প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত দলের সদস্যদের নিয়ে ফিলাডেলফিয়ায় পৌঁছান ইমন। সেখানে পৌঁছে উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে তিনি জানান, তাঁরা নিরাপদে পৌঁছেছেন এবং রাতে মঞ্চে সংগীত পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন।
তবে ডালাস বিমানবন্দরের ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।