এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আগের নিয়মেই তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখনো সেভাবেই অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান আইনমন্ত্রী।
এদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কেউ সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন।
এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#MPOTeachers #LocalGovernmentElection #BangladeshPolitics #EducationNews #Aronno_News