ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। আগামী গ্রীষ্মের আগেই ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপনের দ্রুত সম্প্রসারণ এবং এ-সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় বিধান প্রণয়ন করা হয়েছে এতে।
অধ্যাদেশ জারির কারণ হিসেবে গেজেটে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করতে বিশেষ বিধান প্রণয়ন করা সমীচীন। জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকা এবং আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা বিবেচনায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেছেন।
এর আগে গত রোববার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো এবং দেশের বিদ্যুতের চাহিদা পূরণে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণ করা। নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অবদান বাড়ানোর সুযোগ তৈরি হবে।
#SolarPower #RenewableEnergy #BangladeshNews #EnergySector #Aronno_News