নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। বাকি পাঁচজনের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শিশু আহুদিয়া (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার সামাদ (৭০), জুয়েল (৪০), জহুর উদ্দিন, শামলাল মোল্লা (৪৫), কাশেম (৩৫), জাহান উদ্দিন মোল্লা এবং বাসচালক মো. সোহেল রানা। সোহেল রানা রাজশাহীর গোদাগাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।
বাসের যাত্রী আব্দুস সালাম অভিযোগ করেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। বাসটি দ্রুতগতিতে চলছিল এবং চালক মাঝেমধ্যে জোরে ব্রেক করছিলেন।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে।
#NatoreAccident #RoadAccident #BangladeshNews #BreakingNews #Aronno_News