কক্সবাজারের চকরিয়ায় প্রতিবেশীর পোষা বিড়াল পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বিড়ালটির মালিক শামশুল আলম (৫৪)।
শামশুল আলম চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা। সোমবার দুপুরে মৃত বিড়ালটি খাঁচায় ভরে তিনি চকরিয়া থানায় হাজির হন।
থানায় দেওয়া অভিযোগে শামশুল আলম উল্লেখ করেন, তার দুটি পোষা বিড়াল রয়েছে। সোমবার সকালে বাড়ির পেছনের একটি খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তার পিছু নেয়। এ সময় প্রতিবেশী ফিরোজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে আক্রমণ করে। শামশুল কুকুরটিকে তাড়িয়ে দেন। অভিযোগ অনুযায়ী, এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা বেগম লাঠি দিয়ে পিটিয়ে বিড়ালটিকে হত্যা করেন।
শামশুল আলম বলেন, অনেক যত্ন করে তিনি বিড়াল দুটি লালন-পালন করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
#CoxsBazar #AnimalWelfare #CrimeNews #BangladeshNews #Aronno_News