যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৩১ শতাংশে দাঁড়িয়েছে, যা তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। রয়টার্স ও ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক পরিস্থিতি এবং ইরানের সঙ্গে সংঘাত নিয়ে অসন্তোষকে জনসমর্থন কমার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার প্রকাশিত চার দিনব্যাপী জরিপের ফল অনুযায়ী, দুই সপ্তাহ আগের তুলনায় ট্রাম্পের জনপ্রিয়তা এক শতাংশীয় পয়েন্ট কমেছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সামনে রেখে নিবন্ধিত ভোটারদের মধ্যে পরিচালিত জরিপে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন ৪৭ শতাংশ এবং রিপাবলিকানদের প্রতি সমর্থন ৩৫ শতাংশ। দুই দলের ব্যবধান বেড়ে ১২ শতাংশীয় পয়েন্টে দাঁড়িয়েছে, যা দুই সপ্তাহ আগে ছিল ৭ পয়েন্ট।
জরিপে অংশগ্রহণকারীদের ৬৮ শতাংশ জানিয়েছেন, অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি তারা অসন্তুষ্ট। এদের মধ্যে রিপাবলিকান হিসেবে পরিচয় দেওয়া ৩৭ শতাংশ মানুষও রয়েছেন। অর্থনীতি পরিচালনায় কোন দলকে বেশি আস্থা রাখেন, এমন প্রশ্নে ৪০ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৩ শতাংশ রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন।
নারী ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটদের সমর্থন তুলনামূলক বেশি। জরিপে প্রায় ৫০ শতাংশ নারী ডেমোক্র্যাটদের সমর্থনের কথা জানিয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ নারী ভোটার।
জরিপের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে সংঘাত ও পেট্রোলের মূল্যবৃদ্ধি মার্কিন পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। এতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে বলে মনে করা হচ্ছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হতে পারে। তবে জাতীয় পর্যায়ের জরিপ দিয়ে কংগ্রেসের চূড়ান্ত নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না।
অনলাইনে পরিচালিত এ জরিপে মোট ১ হাজার ৬৭৯ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের মধ্যে ১ হাজার ২৭৯ জন ছিলেন নিবন্ধিত ভোটার। সব উত্তরদাতার ক্ষেত্রে জরিপের ত্রুটির সীমা ২ শতাংশীয় পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশীয় পয়েন্ট।
**সূত্র: রয়টার্স**
#DonaldTrump #USPolitics #TrumpApprovalRating #USMidtermElection #ReutersPoll