মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগকে রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বরং আত্মোপলব্ধি, সংশোধন এবং গণমানুষের ভালোবাসায় ইশরাকের সামনে আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন মাহদী আমিন।
পোস্টে তিনি জানান, বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকেই ইশরাক হোসেনের পদত্যাগের খবর জানতে পারেন তিনি।
ইশরাকের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে ইশরাকের ভূমিকা এবং তাঁর পারিবারিক ঐতিহ্য সুপরিচিত। বিএনপির যুবসম্পৃক্ততা, কূটনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন কাজেও তাঁদের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
ইশরাকের সাম্প্রতিক কর্মকাণ্ডের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বা মতভিন্নতা থাকতে পারে উল্লেখ করে মাহদী আমিন বলেন, সংশ্লিষ্ট উদ্যোগের লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে তাঁর কোনো দ্বিধা নেই।
তিনি আরও বলেন, প্রতিমন্ত্রীর পদ কিংবা পদত্যাগপত্র দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয় ও আত্মত্যাগের মূল্যায়ন করা যায় না। দল, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং আন্তরিক অবস্থান সাময়িক কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
মাহদী আমিনের ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন একজন তরুণ নেতার উদ্যোগ নিয়ে বিতর্কের অবকাশ তৈরি হলেও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। রাষ্ট্র বিনির্মাণের যাত্রায় সরকারের প্রতিটি পর্যায়ে দায়বদ্ধতা বজায় থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পোস্টের শেষাংশে মাহদী আমিন বলেন, ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়; বরং ভবিষ্যতে তাঁর আরও বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে।
#IshrakHossain #MahdiAmin #BangladeshPolitics #BNP #Aronno_News