মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা থেকে ইশরাকের পদত্যাগ কার্যকর হলো।
তার পদত্যাগের ফলে মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী ২৭ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন।
গত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এর আগের দিন সোমবারের পরিবর্তে রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ইশরাকের লিখিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি তা গ্রহণ করার পর মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে মাদকবিরোধী অভিযান চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে সমালোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন দাবি করেন, আত্মরক্ষার স্বার্থে তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও সাধারণ দলীয় কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।
#IshraqHossain #BangladeshPolitics #CabinetUpdate #PoliticalNews #Aronno_News