আমি কে?”-এই প্রশ্নটা জীবনের কোনো না কোনো সময়ে প্রায় সবার মনেই আসে। অনেকেই নিজের পরিচয় খোঁজেন চাকরি, পড়াশোনা, অর্থনৈতিক অবস্থান বা অন্যের স্বীকৃতির ভেতরে। কিন্তু বাস্তবতা হলো, এসব কিছুই স্থায়ী নয়। সময়ের সঙ্গে এগুলো বদলে যায়, কখনো হঠাৎ করেই হারিয়ে যায়। তখন ভেতরে এক ধরনের শূন্যতা আর অস্থিরতা তৈরি হয়।
সত্যিকারের পরিচয় কোথায়
ইসলামের দৃষ্টিতে মানুষের পরিচয় এতটা ভঙ্গুর নয়। এখানে একজন মানুষের আসল পরিচয় তার সম্পদ বা অবস্থান দিয়ে নির্ধারিত হয় না। বরং সে আল্লাহর বান্দা-এই পরিচয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পবিত্র কোরআনে বলা হয়েছে, মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই-আল্লাহর ইবাদত করা। এই বার্তাটি মানুষের জীবনের লক্ষ্য এবং পরিচয়-দুটোই পরিষ্কার করে দেয়। যখন একজন মানুষ এই সত্যটা উপলব্ধি করতে পারে, তখন সে নিজের জায়গাটা বুঝতে শুরু করে।
এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ-তাকওয়া। ইসলামে বলা হয়েছে, আল্লাহর কাছে সেই মানুষই বেশি সম্মানিত, যে বেশি পরহেজগার। অর্থাৎ বাহ্যিক চেহারা বা সম্পদ নয়, মানুষের অন্তর আর কাজই আসল বিবেচ্য।
নিজেকে প্রমাণের চাপ
বর্তমান সময়ে অনেকেই অন্যের কাছে নিজেকে প্রমাণ করার এক অদৃশ্য চাপে থাকেন। সামাজিক গ্রহণযোগ্যতা বা সম্মান পাওয়ার জন্য অনেকে নিজের স্বাভাবিক সত্তা থেকেও সরে যান।
কিন্তু মানুষের স্বীকৃতি কখনো স্থায়ী নয়। আজ যা আছে, কাল তা নাও থাকতে পারে। তাই এই স্বীকৃতির ওপর ভর করে শান্তি খোঁজা অনেক সময় হতাশার কারণ হয়ে দাঁড়ায়।
স্থায়ী শান্তির পথ
ইসলাম বলে, প্রকৃত শান্তি আসে তখনই, যখন মানুষ নিজের আসল পরিচয়টা মেনে নেয়-সে আল্লাহর বান্দা। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে স্থির করে, জীবনে একটা স্পষ্ট উদ্দেশ্য দেয়।