প্রধানমন্ত্রীর উদ্বেগ ‘বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়'
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, রাজধানীকে বাসযোগ্য করে তুলতে পরিবেশ সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ণ এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বর্তমানে তৃতীয়। এ পরিস্থিতি থেকে উত্তরণ অত্যন্ত জরুরি। তিনি অভিযোগ করেন, উন্নত ও সভ্য রাষ্ট্রের মতো উন্নয়নের কথা বলা হলেও অনেক ক্ষেত্রে পরিকল্পনাহীনভাবে শিল্পকারখানা স্থাপন করা হচ্ছে, যা পরিবেশ ও নগরজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে এখনও পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। তাই পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সবাইকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করবে। তিনি বলেন, পরিবেশ ও ভৌগোলিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে গাছ লাগাতে হবে এবং পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাসের মতো গাছ রোপণ থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়।
উল্লেখ্য, গত ৬ জুলাই প্রকাশিত বিশ্বের ১৭৩টি শহরের বাসযোগ্যতা মূল্যায়ন প্রতিবেদনে রাজধানী ঢাকাকে বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবে উল্লেখ করে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (EIU)। এর আগের বছর ২০২৫ সালেও একই অবস্থানে ছিল ঢাকা।