সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি
‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাগুরা জেলা পুলিশ এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।
শনিবার (২৫ জুলাই) মাগুরা পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। শুরুতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মন্ত্রী নিজ হাতে একটি জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্য অতিথিরাও কদবেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।