ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে জিডি করার বিষয়টি জানা যায়।
তবে জিডির বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ওসি মনজুর কাদের ভূঁইয়া। ঘটনার দিন রুমিন ফারহানার সঙ্গে থানায় কারা এসেছিলেন, তাঁদের পরিচয় ও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম বলেন, ওই দিনের ঘটনা উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়। উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে পুলিশ সাধারণত তা নথিভুক্ত করে রাখে।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসির কক্ষে রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ হয়। অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং দুর্গাপূজার সময় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশি নিরাপত্তা না পাওয়ার বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
জানা গেছে, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনের সময় সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে ওসি মনজুর কাদের ভূঁইয়া তাঁর জন্য নিরাপত্তার ব্যবস্থা করেননি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।
এ সময় তাঁর সঙ্গে যাওয়া এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে ওসি এ অভিযোগ অস্বীকার করেন। ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন বলেও মন্তব্য করেন তিনি। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানা ওসিকে আওয়ামী লীগের ‘চোর’ বলে সম্বোধন করেন।
অন্যদিকে, রুমিন ফারহানার অভিযোগ অস্বীকার করে ওই দিন সাংবাদিকদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন ওসি মনজুর কাদের ভূঁইয়া। তাঁর দাবি, সংসদ সদস্য শতাধিক লোক নিয়ে থানায় এসে অস্থিরতা সৃষ্টি করেন এবং কিছু লোককে দিয়ে তাঁর বিরুদ্ধে নানা কথা বলান।
ইটভাটা থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, হাওরের ইটভাটাগুলো পানির নিচে থাকায় সেখান থেকে টাকা নেওয়ার অভিযোগের ভিত্তি নেই। দুর্গাপূজায় পুরো থানা এলাকায় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে ওই সময়ে সংসদ সদস্যের সঙ্গে আলাদাভাবে পুলিশের একটি দল রাখা কঠিন ছিল বলে জানান ওসি।
#BangladeshNews #RuminFaruqana #Brahmanbaria #PoliceNews #Aronno_News