সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে একই দিন সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টা চালানোর সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন প্রতিহত করা হয়। ওই ঘটনায় দুজন নিহত হন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
হুথি বাহিনী ও সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার খবর সামনে এসেছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন একই বিমানবন্দরে আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর জানানো হয়েছিল।
এদিকে, চলমান হামলার আশঙ্কায় বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চলের আরও কয়েকটি মার্কিন মিশন থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
একই দিন রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি আরবে হুথিদের পক্ষ থেকে আরও হামলার আশঙ্কার কথা জানিয়েছে।
সূত্র: আল জাজিরা