বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে ওয়েবসাইটের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তা নিশ্চিত করে সাইটটি দ্রুত চালু করতে কাজ করছে ব্যাংকটির আইটি দল।
পিএইচপি (হাইপারটেক্সট প্রি-প্রসেসর) বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরিতে ব্যবহৃত একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। সম্প্রতি এই ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট প্রযুক্তিনির্ভর ওয়েবসাইটগুলোতে সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইটটি পুনরায় চালুর জন্য আইটি দল কাজ করছে।
অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সফটওয়্যার প্রকৌশলী সুমিত সাহা বলেন, পিএইচপির নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে বড় ধরনের সাইবার হামলা চালানো সম্ভব। এ কারণে প্রোগ্রামিং ভাষা ও সংশ্লিষ্ট সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করা জরুরি।
তিনি বলেন, প্রোগ্রামিংয়ের ত্রুটি কাজে লাগিয়ে কোনো অ্যাপ্লিকেশনের মেমোরির নিয়ন্ত্রণ নিতে পারলে সেখান থেকে ডেটাবেজে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। ওয়েবসাইট ও সফটওয়্যারের গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্যভান্ডার। হ্যাকাররা এর নিয়ন্ত্রণ নিতে পারলে পুরো অ্যাপ্লিকেশনই ঝুঁকির মুখে পড়তে পারে।
সুমিত সাহার তথ্যমতে, পিএইচপির ত্রুটি শনাক্ত হওয়ার পর এর সমাধানে নিরাপত্তা প্যাচ বা সুরক্ষামূলক হালনাগাদ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এসব আপডেট প্রয়োগ করা প্রয়োজন।
এদিকে, বাংলাদেশ সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান জানান, দেশে প্রায় ৩৬ হাজার সরকারি ওয়েবসাইটের নিরাপত্তা তদারকি করা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব ওয়েবসাইট পিএইচপিভিত্তিক না হওয়ায় বর্তমান ত্রুটির কারণে সেগুলো সরাসরি ঝুঁকিতে নেই। তবে যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট পিএইচপি ব্যবহার করে তৈরি, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পিএইচপির নিরাপত্তা দুর্বলতা মোকাবিলায় প্রকাশিত সিকিউরিটি প্যাচ সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সরকারি যেসব সিস্টেম তৈরিতে পিএইচপি ব্যবহার করা হয়েছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে সংস্থাটি।
#CyberSecurity #PHP #BangladeshBank #HackingAlert #Aronno_News