হোয়াটসঅ্যাপে এলো নতুন ৫ ফিচার, এবার ওয়েব থেকেই অডিও-ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ওয়েব সংস্করণে একাধিক নতুন ফিচার যুক্ত করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, এখন থেকে ব্যবহারকারীরা কোনো ডেস্কটপ অ্যাপ ছাড়াই সরাসরি ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করতে পারবেন।
মঙ্গলবার নতুন এ সুবিধাগুলো চালু করার ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি জানিয়েছে, কম্পিউটারে ওয়েব ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও সমৃদ্ধ করতেই এসব ফিচার যুক্ত করা হয়েছে।
নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল না করেই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে ব্যক্তিগত ও গ্রুপ উভয় ধরনের অডিও-ভিডিও কল করতে পারবেন। এছাড়া যুক্ত হয়েছে কল ট্রান্সফার সুবিধা। এর মাধ্যমে চলমান কোনো কল বিচ্ছিন্ন না করেই মোবাইল ফোন বা ট্যাবলেট থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব কিংবা ডেস্কটপ সংস্করণে স্থানান্তর করা যাবে। কলের অপর প্রান্তের ব্যবহারকারী কোনো বিঘ্ন ছাড়াই কথোপকথন চালিয়ে যেতে পারবেন।
ওয়েটিং রুম নামের আরেকটি ফিচার গ্রুপ কলের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বাড়াবে। কল লিংকের মাধ্যমে যুক্ত হতে চাওয়া অংশগ্রহণকারীদের প্রথমে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। হোস্ট চাইলে যাচাই-বাছাই করে নির্দিষ্ট ব্যক্তিদের কলে প্রবেশের অনুমতি দিতে পারবেন। ভিডিও কলের মান উন্নত করতে চালু হয়েছে কুইক এইচডি (QuickHD) প্রযুক্তি। এর ফলে কল সংযুক্ত হওয়ার শুরু থেকেই স্বয়ংক্রিয়ভাবে উচ্চমানের ভিডিও সেবা পাওয়া যাবে। ব্যবহারকারীদের আলাদা করে কোনো সেটিংস পরিবর্তনের প্রয়োজন হবে না।
নতুন আপডেটে নয়েজ সাপ্রেশন ফিচারও যুক্ত হয়েছে। এটি আশপাশের অপ্রয়োজনীয় শব্দ যেমন যানবাহনের আওয়াজ, ভিড়ের শব্দ বা ফ্যানের শব্দ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠ আরও পরিষ্কারভাবে পৌঁছে দিতে সহায়তা করবে। প্রয়োজন অনুযায়ী কল চলাকালীন সময়েই ফিচারটি চালু বা বন্ধ করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। যাদের কাছে এখনো ফিচারগুলো পৌঁছায়নি, তাদের সর্বশেষ সংস্করণে অ্যাপ আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ওয়েব সংস্করণে কলিং সুবিধা যুক্ত হওয়ার ফলে হোয়াটসঅ্যাপ এখন আরও বেশি কর্মক্ষেত্র, শিক্ষা এবং দূরবর্তী যোগাযোগের জন্য কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে।