রাঙামাটিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা অবরোধ চলছে। কর্মসূচির কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে রাঙামাটি শহর ও চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে সড়কটির পাশের দোকানপাটও বন্ধ রয়েছে।
এদিকে দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রয়েছে। সেখানে পরিস্থিতি থমথমে। উজোবাজার এলাকায় শনিবারও দোকানপাট খোলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে টহল দিচ্ছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
অন্যদিকে, সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের চলাচলে জেলা প্রশাসনের আরোপ করা বিধিনিষেধ বহাল রয়েছে। তবে অবরোধকে কেন্দ্র করে জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।