হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও নারী কনস্টেবল আফসানা মিমিকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এদিকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহ তপু ও তাঁর সহযোগী শাহ জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ওই দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার ওসির নির্দেশে এসআই আসিফের নেতৃত্বে একটি দল আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাহ তপুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তিনি উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে।
পরে থানা হাজতে থাকা অবস্থায় তপুর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, তপুর সহযোগী শাহ জুয়েল কৌশলে ভিডিওটি ধারণ করেন। তিনি একই গ্রামের শাহ শুকুর আলীর ছেলে। পরে তাঁকে আটক করে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, থানার হাজতের মতো স্পর্শকাতর স্থানে অবৈধভাবে ভিডিও ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় শাহ জুয়েলকে গ্রেপ্তার করে একই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার সময় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান ও নারী কনস্টেবল আফসানা মিমির দায়িত্বে অবহেলা ছিল। এ কারণে তাঁদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
#HabiganjNews #Nabiganj #BangladeshPolice #StudentPolitics #Aronno_News