লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর এলাকায় এক ভ্যানচালককে মারধরের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন আচরণ না করার আহ্বান জানিয়েছেন বিজিবির এক সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর কথোপকথনের একটি ভিডিও নিয়ে আলোচনা চলছে।
শনিবার (২৪ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিজিবির এক সদস্যকে ভ্যানচালককে মারধরের ঘটনায় বিএসএফ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তিনি বিএসএফ সদস্যদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর আহ্বান জানান।
ভিডিওতে বিজিবির ওই সদস্যকে বলতে শোনা যায়, ‘আপনারা অশান্তির কাজ করছেন। আপনারা ভুল স্বীকার করেন, যে এরপর আর এরকম হবে না।’
কথোপকথনের একপর্যায়ে তিনবিঘা করিডোর এলাকার মানুষের সাহসিকতার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এর আগে দহগ্রামের বাসিন্দারা বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ আটক করে বিজিবির কাছে নিয়ে এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
ভিডিওতে বিএসএফের এক সদস্যকে শান্তিপূর্ণভাবে থাকার কথা বলতে শোনা যায়। মারধরের ঘটনায় অভিযুক্ত বিএসএফ সদস্য ছুটিতে গেছেন বলেও কথোপকথনে উল্লেখ করা হয়। তবে এতে সন্তুষ্ট না হয়ে বিজিবির ওই সদস্য ক্ষমা চাওয়ার দাবি জানান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দুই বাহিনীর সদস্যদের কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। তবে ভিডিওতে থাকা সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর তিনবিঘা করিডোর দিয়ে যাতায়াতের সময় এক ভ্যানচালককে মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরদিন ২১ অক্টোবর পতাকা বৈঠকে বিষয়টি উত্থাপন করে বিএসএফের কাছে প্রতিবাদ জানায় বিজিবি।
#BGB #BSF #Lalmonirhat #BorderNews #Aronno_News