মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী দাবি করেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপি প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে এনেছে বলেও দাবি করেন তিনি।
দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার জনগণের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
সরকারের অর্জন তুলে ধরে রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। তাঁর মতে, এটি সরকারের সঠিক নীতির প্রতিফলন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#BNP #JamaatEIslami #BangladeshPolitics #PoliticalNews #Aronno_News