প্রধানমন্ত্রী বিরোধী দলকে ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছেন, তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ জনসমক্ষে প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ চ্যালেঞ্জ জানান।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট করতে হবে। কোথায়, কখন, কার সঙ্গে এবং কীভাবে এমন ঘটনা ঘটেছে, তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ জনগণের সামনে তুলে ধরতে হবে।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ ধরনের বক্তব্য প্রকাশ্যে দেওয়াকে অন্যায় উল্লেখ করে জামায়াতের আমির বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিত্তি কী, তা জনগণকে জানানো প্রয়োজন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীরও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অন্য মন্ত্রণালয়ের সেবাও দিচ্ছেন। তবে মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেননি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি দলীয় ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে যোগ দিতে মৌলভীবাজার সফর করছেন ডা. শফিকুর রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
#ShafiqurRahman #JamaatEIslami #BangladeshPolitics #PoliticalNews #Aronno_News