জর্জ অরওয়েলের বিশ্বখ্যাত রাজনৈতিক রূপক উপন্যাস ‘এনিমেল ফার্ম’ অবলম্বনে নির্মিত নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে রাজধানী ঢাকায়। আগামী ২৬ ও ২৭ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী হবে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনাটির নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক, গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ।
১৯৪৫ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ‘এনিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস। রুশ বিপ্লব ও পরবর্তী সোভিয়েত শাসনব্যবস্থার রাজনৈতিক বাস্তবতা থেকে অনুপ্রাণিত এই সাহিত্যকর্মে ক্ষমতার অপব্যবহার, বিপ্লবের আদর্শচ্যুতি, রাজনৈতিক প্রতারণা, ইতিহাস বিকৃতি এবং সাধারণ মানুষের অধিকার হরণের চিত্র উঠে এসেছে। দেশ ও কালের গণ্ডি পেরিয়ে উপন্যাসটির বক্তব্য আজও সমান প্রাসঙ্গিক।
উপন্যাসটির বহুল আলোচিত উক্তি—‘সকল পশু সমান, তবে কেউ কেউ অধিকতর সমান’—ক্ষমতার দ্বিচারিতা ও বৈষম্যের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে। নাট্যরূপেও এই রাজনৈতিক তাৎপর্য দর্শকদের সামনে নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে।
নাটকটির নির্দেশক ড. সাইদুর রহমান লিপন বলেন, ‘এনিমেল ফার্ম’ শুধু একটি পশুখামারের গল্প নয়; এটি আমাদের রাষ্ট্র, সমাজ ও ক্ষমতাকাঠামোর প্রতিচ্ছবি। ইতিহাসে মানুষ বারবার মুক্তির স্বপ্ন নিয়ে বিপ্লব করেছে। কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষমতার পালাবদল ঘটলেও শোষণের কাঠামো বদলায়নি। জর্জ অরওয়েলের এই উপন্যাস আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।
প্রযোজনাটিতে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অভিনয় করছেন। সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন ড. শামীম আহমেদ ও আব্দুর রাজ্জাক। সেট ও প্রপস পরিকল্পনায় আব্দুর রাজ্জাক, পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মন এবং সংগীত পরিকল্পনায় অসীম কুমার নট্ট দায়িত্ব পালন করছেন। কোরিওগ্রাফিতে রয়েছেন অমিত চৌধুরী ও হাসান ইশতিয়াক ইমরান। মুখোশ পরিকল্পনা ও নির্মাণ করেছেন সোহায়েল রহমান উজান।
দর্শকদের জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট, আসন ও প্রদর্শনীসংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করা যাবে +৮৮০১৭১১৫৭৯৩১৯ নম্বরে। এ ছাড়া অনলাইনে টিকিট বুকিং করা যাবে: https://tuca.edu.bd/book-ticket-animal-farm/
এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল।
**প্রদর্শনীর সময়:** ২৬ ও ২৭ অক্টোবর ২০২৬, প্রতিদিন সন্ধ্যা ৭টা
**স্থান:** জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা
**টিকিট বুকিং:** +৮৮০১৭১১৫৭৯৩১৯