গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করছিলেন। পুলিশ মিছিলে বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
তিনি আরও জানান, হামলার পর মিছিলকারীরা পুলিশ সদস্যদের ধাওয়া দেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।
তথ্যসূত্র : চ্যানেল টোরয়েন্টিফোর