গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকার তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে গাজীপুর বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি রেস্তোরাঁ সংলগ্ন মহাসড়কে হাঁটছিলেন তপন ও লিখন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাঁদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মোন্নাফ আহমেদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আহত বাবা-ছেলেকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সেগুলো নিজেদের হেফাজতে নেয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।