নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হলেও এসবকে মিথ্যা সংবাদ ও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী।
সম্প্রতি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এই নির্মাতা বলেন, তাঁকে ঘিরে আগে থেকেই নানা ধরনের অপপ্রচার ও মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ফারুকী বলেন, “মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।”
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মধ্যেই নিজের নতুন কাজের ব্যস্ততার কথাও জানিয়েছেন এই নির্মাতা। গত ১০ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়া যান তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন। ১৭ অক্টোবর দেশে ফিরে নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করেন।
ফারুকী জানান, বর্তমানে তিনটি বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা খাতের এবং অন্য দুটি নির্মাণসামগ্রী-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। একটি বিজ্ঞাপনের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, যার কাজ হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।
এ ছাড়া একটি সিনেমার গল্প লেখা শেষ করে নতুন আরেকটি সিনেমার গল্প নিয়ে কাজ শুরু করেছেন তিনি।
অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।
তিশার নতুন কাজ প্রসঙ্গে ফারুকী জানান, একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে তাঁর স্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। তবে বিষয়টি চূড়ান্ত না হওয়ায় এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি। সবকিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, কাজের সূত্রেই ফারুকী ও তিশার পরিচয়। পরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। পাঁচ বছর প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।
#Farooki #Tisha #EntertainmentNews #BangladeshiShowbiz #Aronno_News