দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বিমান দুটি ছিল এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত প্রশিক্ষণ বিমান। ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে জানান, বিমান দুটি ঘাঁটির সীমানার ভেতরেই বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর সব এসএফ-২৬০ মডেলের বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর মুখপাত্র।
ফিলিপাইনে সামরিক বিমানের দুর্ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে চলতি বছরের মে মাসে দেশটির উত্তরাঞ্চলের বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।
#Philippines #MilitaryPlaneCrash #AviationAccident #WorldNews #Aronno_News