রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে এ অভিযান পরিচালিত হয়। শুল্ক ও ভ্যাট ফাঁকি এবং অর্থপাচার প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত অভিযানে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
এনবিআর সূত্রে জানা গেছে, উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহলজাতীয় পণ্য অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শুল্ক ও ভ্যাট পরিশোধ না করে বিক্রি করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়।
এনবিআরের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে অংশ নেয় সংস্থাটির চারটি গোয়েন্দা বিভাগ। এগুলো হলো—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।
কাস্টমস আইন, ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩-এর আওতায় নির্ধারিত ক্ষমতাবলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দ করা পণ্যের চূড়ান্ত তালিকা, সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এসব বিষয়ে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।