কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধ পাঠানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার আলোচনা তাঁরাও শুনেছেন। তবে দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কোনো অপশক্তি, পলাতক অপরাধী কিংবা গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তির কর্মকাণ্ডের সুযোগও দেওয়া হবে না বলে জানান তিনি।