পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশের সুযোগ নিচ্ছে শিক্ষার্থীরা। গত সেপ্টেম্বরে চালু হওয়া এ উদ্যোগে এখন পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী এ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের সঙ্গে জেলা প্রশাসনের সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। উদ্যোগটির আওতায় ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ১০০ গ্রাম ব্যবহৃত প্লাস্টিক জমা দিয়ে চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ করতে পারছে। যেখানে সাধারণ প্রবেশমূল্য ৭০ টাকা, সেখানে প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারভিত্তিক বড় শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। তবে প্লাস্টিক পুনর্ব্যবহারের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। সমঝোতা স্মারক অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানায় জমা হওয়া প্লাস্টিক নিয়মিত সংগ্রহ, পৃথকীকরণ এবং পরিবেশবান্ধব প্রক্রিয়ায় পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। এ কার্যক্রমে দুই পক্ষের মধ্যে কোনো অর্থ লেনদেন হবে না। প্রাথমিকভাবে সমঝোতার মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর। জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক জমা দিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ দেওয়ার উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের আর্থিক সুবিধা দেওয়া নয়; বরং প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের সচেতন করে তোলা। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করা কঠিন হলেও এর সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পাটসহ প্রাকৃতিক উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। চিড়িয়াখানার পরিবেশ আরও সবুজ ও আকর্ষণীয় করতে প্রায় ১৫০টি ডাবগাছ রোপণের পরিকল্পনার কথাও জানান জেলা প্রশাসক। শিশু-কিশোরদের চিড়িয়াখানা পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশুপাখি ও প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি শিশুদের মুঠোফোনের পর্দার বাইরে বাস্তব জীবনের আনন্দ উপভোগের সুযোগ তৈরি করা প্রয়োজন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও ইপসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।