বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিন কর্মকর্তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের মনোনয়ন দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপসচিব আফরোজা আক্তার রিবা।
সরকারের মনোনয়ন পাওয়া কর্মকর্তারা হলেন বেসিক ব্যাংকের জন্য জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল হুদা, জনতা ব্যাংকের জন্য সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম এবং অগ্রণী ব্যাংকের জন্য যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সরকারের সম্মতি জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।