গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও পিকআপভ্যান ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর আগে রোববার সাতজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। রোববার গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। মামলায় ১০০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দলের মুখোমুখি হন মিছিলকারীরা। অভিযোগ অনুযায়ী, মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করা হয়। হামলায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।