হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী একটি ট্যাংকারে লিমপেট মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছোট নৌযান থেকে জাহাজটির গায়ে দুটি বিস্ফোরক লাগানোর পর এ বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকারটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। তবে ক্রুদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রয়টার্সের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এমটি লুইস-১ নামের ট্যাংকারটিতে দুটি লিমপেট মাইন লাগানো হয়েছিল। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন জাহাজের ক্রুরা। এরপর ট্যাংকারটি আবার যাত্রা শুরু করে বলে জানিয়েছে রয়টার্স। ব্রিটিশ নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাব শহরের উত্তর-পূর্বে প্রায় ৪৬ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
তবে একই ধরনের হামলার পর আগুন ধরে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ জন নাবিককে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ওমানের নৌবাহিনী। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে ছিল। হামলায় আহত একজন নাবিককে প্রথমে খাসাব হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী মাসকাটের খাওলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ওমানের সামরিক বাহিনীর নৈতিক নির্দেশনা অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দেশটির বিমানবাহিনী আহত নাবিককে আকাশপথে সরিয়ে নেয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
হামলার পর জাহাজটির অবস্থা নিয়ে রয়টার্স ও ওমানের দেওয়া তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্যাংকারটি যাত্রা অব্যাহত রাখে। অন্যদিকে, ওমানের নৌবাহিনী ২৫ নাবিককে সরিয়ে নেওয়ার তথ্য জানিয়েছে। দুটি প্রতিবেদনে একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে লিমপেট মাইন ব্যবহারের এটিই প্রথম সফল ঘটনা। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে প্রথম এ অঞ্চলে লিমপেট মাইন ব্যবহারের ঘটনা ঘটে। পরবর্তী বছরগুলোতেও হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে এ ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেরিস্কস জানিয়েছে, লিমপেট মাইন তুলনামূলক সস্তা ও সহজলভ্য। ছোট নৌযান থেকে চলন্ত জাহাজের গায়ে এ ধরনের বিস্ফোরক লাগানোর পদ্ধতি কম খরচের, প্রযুক্তিগতভাবে সহজ এবং কার্যকর। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এ ধরনের হামলা আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।