বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তারকা এই দম্পতি আবারও বাবা-মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন গুঞ্জন। তবে এ বিষয়ে বিরাট কিংবা আনুশকার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভক্তদের কাছে ‘বিরুষ্কা’ নামে পরিচিত এই জুটির ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার পর আনুশকার তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয় নানা জল্পনা। গত ২৫ অক্টোবর মুম্বাইয়ের ওরলি এলাকার সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের ডোমে মার্কিন গায়ক কৃষ্ণ দাসের লাইভ কীর্তন অনুষ্ঠানে যোগ দেন বিরাট ও আনুশকা। এর আগে মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়া এলাকাতেও দেখা যায় তাদের।
অনুষ্ঠানের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে বিরাটের পাশে বসে কীর্তনের তালে হাততালি দিতে এবং ভজন গাইতে দেখা যায় আনুশকাকে। এরপর থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আনুশকা কি আবারও মা হতে চলেছেন? আবার কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই হয়তো আনুশকা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারবেন! তবে এসব আলোচনা ও জল্পনার পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ফলে বিরাট-আনুশকার তৃতীয় সন্তান আসার খবরটি আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। ২০১৭ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ২০২১ সালের জানুয়ারিতে তাদের প্রথম সন্তান কন্যা ভামিকার জন্ম হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাদের পরিবারে আসে দ্বিতীয় সন্তান ছেলে অকায়।
এদিকে, দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন আনুশকা। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা যায় তাকে। ভারতের সাবেক নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার কাজ ২০২২ সালে শেষ করলেও ছবিটি এখনো মুক্তি পায়নি।