সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। বরং তিনি আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও জল্পনার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, কখনো ডিসেম্বরের পর জুনে আসার কথা বলা হচ্ছে, আবার জুনের পর ডিসেম্বরের কথা বলা হতে পারে। এভাবে একই আলোচনা চলতে থাকবে। তবে শেখ হাসিনা দেশে ফিরলে তারা খুশি হবেন। এতে তাকে আর বেঁধে আনতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গে অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তথ্য উপদেষ্টা বলেন, এরশাদের পতনের পরও তিনি দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। সে সময়ও পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে।
শেখ হাসিনা দেশে ফিরলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা মবের মুখোমুখি হওয়ার আশঙ্কা নাকচ করে তিনি বলেন, শেখ হাসিনা কখনো কারও প্রতি ন্যায়বিচার করেননি, তবে তারা ন্যায়বিচার করবেন।