আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সপ্তাহের শেষ কার্যদিবস। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। বাজারসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩২ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়ায়। ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে হয় ২ হাজার ৯২ পয়েন্ট। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে ৯০ কোটি ৮ লাখ টাকার। এ সময়ে ১৫০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ৭২টির।
এ সময়ে লেনদেনে এগিয়ে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট পোর্ট, বসুন্ধরা পেপার, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এমএল ডায়িং, ফার কেমিক্যাল, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সায়হাম কটন ও সায়হাম টেক্সটাইল। লেনদেনের শুরুতে ডিএসইএক্স সূচক প্রথম পাঁচ মিনিটে ১০ পয়েন্ট বাড়ে। পরে ওঠানামার মধ্য দিয়ে সকাল ১০টা ২০ মিনিটে আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৪৯ পয়েন্টে দাঁড়ায়। এ সময় বাজারটিতে ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। সিএসইতে ১৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৭টির এবং অপরিবর্তিত ছিল ৩টির।