চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যাও গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩টিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। এদিকে, গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি। এবার তা কমে দাঁড়িয়েছে ১৩৯টিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি। শূন্য পাস করা ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১৮১টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৫৫টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৫৭টি প্রতিষ্ঠান রয়েছে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা দিনাজপুর বোর্ডে। এ বোর্ডের ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। রাজশাহী বোর্ডে ৩৯টি এবং ঢাকা বোর্ডে ২৬টি প্রতিষ্ঠানে এ চিত্র দেখা গেছে। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৩৯০টি। গত বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ৩০২টি। অন্যদিকে, শতভাগ পাস করা ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৬১টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫২টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৬টি প্রতিষ্ঠান রয়েছে। ফলাফলের এ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে এবং শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।