কমপক্ষে ৩০ হাজার টাকা মাসিক বেতন দেয়ার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মিরপুরের বিভিন্ন স্থান থেকে পোশাক শ্রমিকেরা সকালে জড়ো হয়ে মিরপুর ১০ নম্বর মোড় অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে শনিবারও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকেরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুর, নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।