সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর কুমিল্লায় ‘এসবিএস’ গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামের মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মো. হাবিব (১৭)। তারা সবাই সদর দক্ষিণের উনাইসার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন তরুণকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে তারা নিজেদের ‘এসবিএস’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দেয়। গ্রুপটির নামে বিভিন্ন ভিডিও প্রকাশ করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িতদের শনাক্ত করতে একাধিক দল কাজ শুরু করে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওটি নজরে আসার পর পুলিশ সদস্যরা তদন্ত শুরু করেন। পরে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা নিজেরাই ‘এসবিএস’ নামে একটি গ্রুপ তৈরি করেছিল।