নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিক ধারণা অনুযায়ী, কূপটি থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ কূপের খননকাজ শেষে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। বাপেক্সের ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে খননকাজ চলার পর সোমবার দুপুরে কূপটিতে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। তবে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শেষে গ্যাসের প্রকৃত মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। এদিকে, আগুনের উত্তাপ বেড়ে যাওয়ায় প্রাথমিক পরীক্ষার পর শিখা বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে পুনরায় আগুন জ্বালিয়ে পরীক্ষা করা হবে।