বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি মান্নাতের সামনে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখতে প্ল্যাকার্ড, ফুল ও কেক হাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন হাজারো অনুরাগী। তাঁদের উচ্ছ্বাস আর ‘শাহরুখ, শাহরুখ’ স্লোগানে মুখর হয়ে ওঠে মান্নাতের আশপাশের এলাকা। সোমবার (২ নভেম্বর) ৬১ বছরে পা রাখছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। তবে এবারের জন্মদিনে চেনা আয়োজনের বদলে ভক্তদের জন্য অন্য কোনো চমক অপেক্ষা করছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আলোচনার কেন্দ্রে রয়েছে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’। শাহরুখ ভক্তদের কাছে দিনটি ‘এসআরকে ডে’ হিসেবে পরিচিত। তবে অভিনেতার টিমের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, এ বছর আনুষ্ঠানিকভাবে এসআরকে ডে উদ্যাপন করা হচ্ছে না। একই সঙ্গে ভক্তদের হতাশ না হওয়ার বার্তাও দেওয়া হয়েছে। আর এতেই জন্মদিন ঘিরে নতুন কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।
বলিউডে গুঞ্জন, জন্মদিনে সরাসরি ভক্তদের সামনে হাজির না হলেও ‘কিং’ সিনেমাকে ঘিরে বিশেষ উপহার দিতে পারেন শাহরুখ। সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দের একের পর এক রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং প্রথম গান প্রকাশের ইঙ্গিত সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে মান্নাতের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে পালি হিলের একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে বসবাস করছেন শাহরুখ। ফলে এবারের জন্মদিনে মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তাঁর সেই পরিচিত ভঙ্গিতে হাত নাড়ার দৃশ্য দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে মান্নাতের সামনের অংশে বিশাল পর্দার মতো একটি কাঠামোর ছবি প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভক্তদের একাংশের ধারণা, জন্মদিন উপলক্ষে সেখানে ‘কিং’ সিনেমার বিশেষ কোনো ঝলক দেখানো হতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নির্মাতা বা শাহরুখের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, শাহরুখের জন্মদিন উপলক্ষে ‘কিং’ সিনেমার প্রথম গান প্রকাশ করা হতে পারে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ফলে এবারের জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের চেনা উচ্ছ্বাসের পাশাপাশি নতুন সিনেমার কোনো চমক আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন শাহরুখ-অনুরাগীরা।