যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শহর যুবলীগের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রহমত, মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে শহীদুল ইসলাম ওরফে শেখ শহীদ এবং যুবলীগ কর্মী মোহাম্মদ আলী ও ইমরান খান বাদল। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে শহরের মাইকপট্টি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে সরকারবিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে মুখে মাস্ক ও বোরকা পরা নারী-পুরুষসহ কয়েকজন অংশ নেন। মিছিলটি লালদীঘির পাড় ও মাইকপট্টি এলাকা প্রদক্ষিণ করে পলাতক যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে শহীদুল ইসলাম ওরফে শেখ শহীদকে রোববার গভীর রাতে আটক করা হয়েছে। অন্যদিকে, উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে জানান, যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রফিকুল ইসলাম রহমতকে উপশহর এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অতীতে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ছাড়া মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী ও ইমরান খান বাদলকে আটক করেছে ডিবি পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক চারজনকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।