জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর শেরেবাংলানগরে প্রতিষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ স্থাপনাটির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টামণ্ডলীর সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিদেশি কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সরকার জানিয়েছে, জাদুঘরটিতে জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত স্মারক ও আন্দোলনের নানা ঐতিহাসিক উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এসব সংগ্রহের মাধ্যমে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সংগ্রামের ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত রাখা হয়েছে। আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।