তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটার ব্যবহারে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে রড, লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়। নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, কলেজে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।