প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় অভিযান পরিচালনার পর তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ায় নেওয়া হচ্ছে।
পুলিশ ও মামলার নথি অনুযায়ী, সম্প্রতি সিলেটে জাতীয় নাগরিক পার্টির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট প্রকাশ করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলে তিনি তা মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এনসিপি তাকে দল থেকে অব্যাহতি দেয়। এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই তানভীরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিষয়টি দলীয় নেতাকর্মীদের নজরে আসার পর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং সেই পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।