গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি পাঠিয়েছে দলটি।
বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও অভিযোগের বিষয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, গত ২২ জুলাই দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জামায়াত নির্বাচন কমিশনকে জানিয়েছে, গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়টি কমিশনের নথিভুক্ত করে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে দলীয় তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে ২২ জুলাই তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।