দ্বৈত চরিত্রে সুস্মিতা, আলোচনায় নতুন সিরিয়াল
ভারতের পশ্চিমবঙ্গে আলোড়ন তোলা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার অনুরূপ একটি কাহিনি নিয়ে নির্মিত নতুন একটি টেলিভিশন ধারাবাহিকের ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক দর্শক ধারাবাহিকটির গল্পের সঙ্গে বহুল আলোচিত সেই ঘটনার মিল খুঁজে পাচ্ছেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন এই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে। তবে তিনি দাবি করেছেন, এটি সরাসরি আরজি কর ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত নয়।
সুস্মিতা বলেন, গল্পটি একটি সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে এগিয়েছে। সময়ের সঙ্গে কাহিনির বিভিন্ন দিক দর্শকদের সামনে উন্মোচিত হবে। তবে এটি বাস্তব কোনো নির্দিষ্ট ঘটনার হুবহু উপস্থাপন নয়; বরং বিনোদনমূলক নাট্যরীতির বিভিন্ন উপাদান এতে সংযোজন করা হয়েছে। ধারাবাহিকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। তিনি জানান, একটি চরিত্রের জন্য তাকে ব্যালে নাচের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে। পাশাপাশি একাধিক অ্যাকশন দৃশ্যেও অংশ নিতে হচ্ছে, যার জন্য আলাদা প্রস্তুতি ও অনুশীলন করতে হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। চিকিৎসক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার বিচার দাবিতে ব্যাপক আন্দোলনে অংশ নেন। ঘটনার পর হাসপাতালের মেডিকেল কাউন্সিল তদন্ত শেষে অভিযুক্ত ৫৯ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে আলোচিত এই মামলার তদন্ত নতুন করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে সংস্থাটি নতুন তদন্ত কর্মকর্তাসহ তিনজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে।